Akhiruzzaman

আল্লাহর রাসূল আমাদেরকে ভাই বলেছেন!!

একদিন মা আইশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বেশ উৎফুল্ল দেখে আইশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমার জন্য আল্লাহর কাছে দুআ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইশার জন্য দুআ করলেন। “হে আল্লাহ আইশাকে মাফ করে দাও। তাঁর অতীতের গুনাহ মাফ করে দাও, তাঁর আগামীর গুনাহ মাফ করে দাও, তাঁর গোপনে করা গুনাহ মাফ করে দাও, তাঁর প্রকাশ্যে করা গুনাও মাফ করে দাও।”

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুআ শুনে আইশা হাসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আইশাকে জিজ্ঞেস করলেন,

“আমার এই দুআ কি তোমাকে সন্তুষ্ট করেছে আইশা?”

আইশা রাদিয়াল্লাহু আনহা বললেন, “এ দুআ শুনে কেউ সন্তুষ্ট না হয়ে পারে?”

আমাদের প্রিয় নবি আইশাকে বললেন, “আল্লাহর কসম! আমি প্রত্যেক সালাতের মধ্যে আমার উম্মাতের জন্যে এই একই দুআ করি।”

যে দুআ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওনার প্রিয়তমা স্ত্রীর জন্য করেছেন, সেই একই দুআ প্রতি সালাতে তিনি তাঁর উম্মাতের জন্য করেছেন। আপনার জন্য, আমার জন্য করেছেন। তিনি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

একদিন চলার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেঁদে উঠলেন। সাহাবারা কান্নার কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন, আমি আমার ভাইদের জন্য কাঁদছি। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা কি আপনার ভাই নই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তোমরা তো আমার সাথী। আমার ভাই হলো তারা, যারা আমার পরে আসবে আর আমাকে না দেখেই আমার উপর ঈমান আনবে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার জন্য কেঁদেছেন, আপনাকে মিস করেছেন, আপনি এই দুনিয়াতে আসার আগেই। আপনি কখনো প্রিয় নবিকে মিস করেছেন? কেঁদেছেন কখনো? যে নবি আপনার জন্য প্রতি ওয়াক্ত সালাতে দুআ করতেন সেই নবির নামে আবেগে আপ্লুত হয়ে দরুদ পড়েছেন কোনোদিন? ভালোবেসে কোনোদিন তাঁর একটা সুন্নাহ পালন করেছেন?

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি গাছে হেলান দিয়ে খুতবা দিতেন, তখনও মিম্বর তৈরী হয়নি। পরের সপ্তাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন, সাহাবারা বলেন, সেই গাছটি শিশুর মতো অঝোরে কাঁদছিল, সেই কান্না তারা শুনতে পেয়েছেন। একটি গাছও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মিস করেছে, তাঁর জন্য চোখের পানি ফেলেছে।

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মৃত্যুর পর বিলাল রাদিয়াল্লাহু আনহু আর আযান দিতে পারেনি। যে নবির জন্য তিনি আযান দিতেন, সেই নবিই নেই, এই দুঃখে এরপর একদিন বিলাল মদিনা ছেড়েই চলে গিয়েছিলেন।একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে স্বপ্নে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিলালকে বলছেন, এতদিনেও কি তোমার সময় হয়নি আমার রওযায় আসার? ছয় বছর পর বিলাল মদিনায় আসলে সবাই তাকে আযান দিতে অনুরোধ করল। কিন্তু তিনি মনঃস্থির করেছেন রাসূলের জন্য যে আযান দিতেন তা আর কোনোদিন কারও জন্য দিবেন না। শেষে নবিজির দুই নাতি হাসান হুসাইন যখন অনুরোধ করলেন, নবিজির সম্মানে তিনি সেই অনুরোধ ফেলতে পারেননি। বিলাল আযান দেওয়া শুরু করলেন। সেই আযান, সেই মধুময় সময়, রাসূলুল্লাহর স্মৃতি সব একসাথে ভেসে আসা শুরু করল। কিছুক্ষণের জন্য মানুষ মনে করল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবার ফিরে এসেছেন, মদিনার ঘর থেকে সবাই বেরিয়ে আসা শুরু করল। বিলাল যখন আযানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জায়গায় এসে কান্নায় ভেঙ্গে পড়লেন, পুরো মদিনা জুড়ে হু হু কান্নার শব্দ ছাড়া আর কিছু শোনা যায়নি।

শেষ কবে আপনি আপনার প্রিয় নবির জন্য কেঁদেছেন?

যে জীবন ফড়িঙের, যে জীবন জোনাকির┃১৫৮

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Loading Logo
Scroll to Top